ঈদের সেলামি দেওয়া যাবে কি
প্রশ্ন
ঈদের দিন বাচ্চারা সেলামির জন্য আবদার করে থাকে। জানতে চাচ্ছি, সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেলামি হল হাদিয়া। আর শরিয়তের দৃষ্টিতে হাদিয়া দেওয়া নেওয়া উভয়ই বৈধ। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَغَرَ الصَّدْرِ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: ‘তোমরা পরস্পরকে হাদিয়া দাও। কারণ হাদিয়া অন্তরের দ্বেষকে দূর করে দেয়।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ৯২৫০]
সুতরাং ঈদের দিন বাচ্চাদেরকে সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11330/article-details.html
তবে ঈদ সেলামি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা দরকার। যথা:
◉ ১) আমাদের দেশে ঈদ সেলামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুয়ে সালাম করে। এটি সম্পূর্ণ অনৈসলামিক কালচার। এর সম্প্রসারণ রোধ করা জরুরি। কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে।
◉ ২) সেলামি দেয়ার ক্ষেত্রে ছোট ভাই, বোন ও সন্তানদের কাউকে দেয়া দেওয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে-এমনটি যেন না হয়। কেননা এতে পারস্পারিক হিংসা-বিদ্বেষ ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
◉ ৩) সবাইকে সমানভাবে উপহার দেয়া জরুরি নয় বরং বয়স ও অবস্থা অনুযায়ী কম-বেশি করা যাবে। যেমন: বড়কে বেশি আর ছোটকে কম, বিবাহিতকে এক রকম অবিবাহিতকে অন্য রকম। এতে কোন আপত্তি নাই।
◉ ৪) তারা কীভাবে তা খরচ করছে সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। কেননা অনেক সময় বাচ্চারা হাতে টাকা পেয়ে নানা আজেবাজে ও অনর্থক কাজে ব্যয় করে। অনেকে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। তাই অভিভাবকদের এ বিষয়টি লক্ষ্য রাখা জরুরি।
আল্লাহু আলাম।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র এই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল (আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্ম গুলো কবুল করুন)। আমিন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।



No comments:
Post a Comment